নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে ৫ আগস্টের আগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাওয়া এক ব্যক্তি বর্তমানে খোলস পাল্টে নতুন নামে একই অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম মনির হোসেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি এলাকায় ‘গোল্ডেন মনির’ নামে পরিচিত ছিলেন। তৎকালীন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও হারুনুর রশিদ মুন্নার ক্যাডার হিসেবে কাজ করতেন। তৎকালীন যুবলীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে কাজলা ফুটওভার ব্রিজের নিচে সালসার দোকানের আড়ালে তিনি নিয়মিত ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করতেন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর নিজের নাম ‘গোল্ডেন মনির’ থেকে পরিবর্তন করে শুধু ‘মনির হোসেন’ রাখেন তিনি। শুধু নামই নয়, ব্যবসার ধরনও পাল্টে ফেলেছেন এই ব্যক্তি। সালসার দোকানের পরিবর্তে বর্তমানে তিনি ওই এলাকায় রেন্ট-এ-কারের ব্যবসা চালু করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, এই রেন্ট-এ-কারের আড়ালে তিনি এখনো আগের মতো ফেনসিডিল ও বিভিন্ন মাদকের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
মাদক ব্যবসার পাশাপাশি এই ব্যক্তি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম এখনো গোপনে অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। যাত্রাবাড়ী এলাকায় বিগত আন্দোলন চলাকালে সহিংসতা, জ্বালাও-পোড়াও এবং গাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কাজের সাথেও তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে বারবার কৌশল ও নাম পরিবর্তন করলেও অপরাধমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। দ্রুত এই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।